নোটিশ ও খবর

ইউপিএস ছাত্র পরিষদ নির্বাচন – ২০২২; ভিপি রাসনা ও জিএস বাধঁন…

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষ্যে প্রথমবারের মত উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এ ছাত্র পরিষদ নির্বাচন – ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ইউপিএস ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বচ্ছ ও নিরেপেক্ষভাবে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এ নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১০ম শ্রেণির রাসনা আক্তার বই প্রতিক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী আল ফারদিন সিয়ামকে ১৮ ভোটের ব্যবধানে পরাজিত করে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছে। এছাড়া ৯ম শ্রেণির খাদিজা আক্তার বাঁধন আপেল প্রতিক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী মো. সিয়াম হাওলাদারকে ৫ ভোটের ব্যবধানে পরাজিত করে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে নির্বাচিত হয়। একই দিনে বিদ্যালয়ে ক্লাস ক্যাপ্টেন (সিসি) পদেরও নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্লাস ক্যাপ্টেন হিসেবে ১০ম শ্রেণিতে অহনা রাণী দাস (বীনা প্রতিদ্বন্দীতায়), ৯ম শ্রেণিতে মো. জিহাদ, ৮ম শ্রেণিতে মো. মুশফিকুর রহমান, ৭ম শ্রেণিতে মো. মেহেরাজ (বীনা প্রতিদ্বন্দীতায়) এবং ষষ্ঠ শ্রেণিতে তানিম ইসলাম তুর্য্য নির্বাচিত হয়।

এর আগে গত ২৮ আগষ্ট নির্বাচনী তফসিল ঘোষনা করে শিক্ষার্থীদের কাছে থেকে মনোনয়ন পত্র আহবান করেন ইউপিএস এর উপাধ্যক্ষ ও নির্বাচন কমিশানার মো. তরিকুল ইসলাম। মনোনয়নপত্র পত্র যাচাই বাঁছাই করে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেয়া হয়।  তফসিল ঘোষনার পর নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। সরব হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। শিক্ষার্থীদের মাঝে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

এ বিষয়ে উপাধ্যক্ষ বলেন, বিদ্যালয়ের ছাত্র পরিষদ হল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার পাশাপাশি আরও কিছু গুণাবলী অর্জনের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন করা। তিনি আরও বলেন, অন্যের মতামতের প্রতি সহনশীলতা এবং শ্রদ্ধাশীল থেকে শিক্ষাদান ও শেখার কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা। এছাড়াও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব থাকা সহকারী শিক্ষক মো. আল শাহরিয়ার জানান, মূলত গণতন্ত্র চর্চার লক্ষ্যে আমরা এ নির্বাচনের আয়োজন করেছি। আমরা দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার আদলে এই নির্বাচন পরিচালনার চেষ্টা করেছি। আমি মনে করি এর মাধ্যমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ সম্পর্কিত নানাবিদ বিষয় সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা লাভ করবে।

এবিষয়ে অভিভাবকবৃন্দ শিক্ষকদের সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্বদানে এগিয়ে যাবে এবং সমাজে সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত করতে পারবে।

Leave a comment