আসসালামু আলাইকুম।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি উন্নত, আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনের মূল ভিত্তি হলো সঠিক ও মানসম্মত শিক্ষা। এই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ সালে বোরহানউদ্দিন উপজেলায় “উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)” প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালের ১লা জানুয়ারি থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটি উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি রাজনীতি, সন্ত্রাস ও ধূমপানমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
শ্রেণিকক্ষগুলো আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ এবং শিক্ষার্থীদের উন্নত শিক্ষার জন্য রয়েছে প্রজেক্টর, সিসিটিভি, কম্পিউটার ল্যাব ও ডিজিটাল পাঠদান ব্যবস্থা। জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করতে রয়েছে সমৃদ্ধ পাঠাগার ও সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন সুযোগ-সুবিধা। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে প্রশস্ত খেলার মাঠ, ভাষা ক্লাব, বিতর্ক ক্লাব, সাংস্কৃতিক ক্লাবসহ বিভিন্ন ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমি বিশ্বাস করি, শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের আগ্রহ ও অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) একদিন দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে। আসুন, আমরা সবাই মিলে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাই এবং শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত করি।
আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
মনোরঞ্জন বর্মন
উপজেলা নির্বাহী অফিসার
ও
সভাপতি
উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)
বোরহানউদ্দিন, ভোলা।
