বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
“শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই ধ্রুব সত্যকে অন্তরে ধারণ করে দ্বীপ জেলা ভোলার প্রত্যন্ত বোরহানউদ্দিন উপজেলায় আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০১৭ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করি। শিক্ষা খাতে বিশেষ অবদান রাখা এবং সুনাগরিক গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে ২০১৮ সালে ১লা জানুয়ারি যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের।
‘শিক্ষা, শৃঙ্খলা ও চরিত্র’ এই ত্রয়ীর সন্নিবেশে “উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)” প্রতিষ্ঠালগ্ন থেকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনে এই প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ।
একদা আমরা প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতকে বদলে দেয়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সময় এখনই। তারই ধারাবাহিকতায় বিশ্বের সাথে নিজেদের পরিচিত করতে “উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)” চালু করেছে নিজস্ব ওয়েবসাইট। একটি ওয়েবসাইট একটি প্রতিষ্ঠানের আয়নাস্বরূপ। তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে এই ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়েবসাইটটি প্রতিষ্ঠানের সাথে সকলের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে আমি সবসময় এই প্রতিষ্ঠানকে সাফল্যের সর্বোচ্চ শিখরে দেখার আশা করি। আমি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী ও অভিভাবকসহ সকলের সুস্বাস্থ্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।
মো. আ. কুদদূস
প্রতিষ্ঠাতা
উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)
